যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা হাতছাড়া হতে যাচ্ছে চীনের
কার্যক্রম পরিচালনার জন্য টিকটকের মালিকানা নিতে পারে মার্কিন কোম্পানি। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৫২
জনপ্রিয় ভিডিও শেয়ারের মাধ্যম টিকটক নিয়ে একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এর আওতায় যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা চীনের বাইটডান্সের কাছে থেকে কোনো মার্কিন কোম্পানির হাতে যেতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার স্পেনের মাদ্রিদে বৈঠকে বসেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনা উপ-প্রধানমন্ত্রী হে লিফেং। ওই বৈঠকের পর এমন ঘোষণা আসে। বৈঠকে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ নিয়েও আলোচনা হয়।
‘ফ্রেমওয়ার্ক’ চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও স্কট বেসেন্ট এর বিস্তারিত জানাননি। বলেছেন, আগামী শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং আলাপ করবেন। সেখানে চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে।
সারা বিশ্বে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় দুই বিলিয়ন বা ২০০ কোটি। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিবেচনায় দেশটিতে টিকটকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়। পরে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এই নিষেধাজ্ঞা স্থগিত করেন। গত জুন মাসে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রির জন্য ৯০ দিনের সময় বেধে দেওয়া হয়। এই সময়সীমা আগামীকাল বুধবার শেষ হবে।
সোমবার যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের বৈঠকের পর ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। কোনো কোম্পানির নাম উল্লেখ না করে তিনি লিখেন, একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। টিকটক রক্ষা করা গেলে আমাদের দেশের তরুণরা খুশি হবে।
নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ওরাকল নামের একটি কোম্পানি।
- বিষয় :
- টিকটক
- যুক্তরাষ্ট্র
- চীন
