পাকিস্তানে ডন নিউজের উর্দু ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ, ১২ কর্মী ছাঁটাই
ছবি: দ্য ডন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৩
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান ডন মিডিয়া গ্রুপ তাদের উর্দু ডিজিটাল প্ল্যাটফর্ম ডননিউজ ডট টিভি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। ১ ডিসেম্বর প্ল্যাটফর্মটি বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটি ১২ জন গণমাধ্যমকর্মীকে ছাঁটাই করেছে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ও পাকিস্তানের সাংবাদিক সংগঠনগুলো।
এ বিষয়ে এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) এশিয়া–প্যাসিফিক এবং পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (পিএফইউজে) বলেছে, গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় দেশটির শ্রম আইন স্পষ্ট- কিন্তু বরখাস্তের এই ঘটনা সেই আইন লঙ্ঘনের শামিল।
সংগঠনগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে কর্মীদের অধিকার নিশ্চিত করতে বাধ্য করে।
সংগঠনগুলো আরও বলছে, এ ধরনের একের পর এক গণমাধ্যম বন্ধ হওয়া শুধু শ্রম অধিকার লঙ্ঘনই নয়, বরং পাকিস্তানের গণমাধ্যম শিল্পের ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে।
তাদের মতে, ফেডারেল ও প্রাদেশিক সরকারগুলোকে অবিলম্বে সংবাদমাধ্যম শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে হবে। গণমাধ্যম খাতকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় নীতি ও কৌশল প্রণয়ন না করা হলে, এর প্রভাব শেষপর্যন্ত দেশের গণতন্ত্রের ওপরই পড়বে।
- বিষয় :
- পাকিস্তান
- গণমাধ্যমকর্মী
- মিডিয়া
- কর্মী ছাঁটাই
