কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি
কানাডার টরন্টো শহরে মার্কিন কনস্যুলেট
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১৩:০০
কানাডার টরন্টো শহরে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে টরন্টো পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কুইন স্ট্রিট ওয়েস্ট এবং ইউনিভার্সিটি অ্যাভিনিউ সংলগ্ন কনস্যুলেট ভবনে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। গুলির চিহ্ণ ও আলামত পাওয়া গেছে।
টরন্টো মার্কিন কনস্যুলেটে হামলার প্রতিবাদে অপরাধীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি গুলিবর্ষণের ঘটনাকে একটি ‘নিন্দনীয় সহিংস কাজ এবং ভীতি প্রদর্শনের অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। কার্নি এই হামলাকে কাপুরুষোচিত কাজ হিসেবে বর্ণনা করেছেন। তবে এই ঘটনায় কেউ হতাহত না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
তিনি নিশ্চিত করেছেন, আরসিএমপি ও ফেডারেল সংস্থাগুলো টরন্টো পুলিশকে তদন্তে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা করবে। অপরাধীদের শনাক্ত করে আইনের সর্বোচ্চ সাজার মুখোমুখি করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহান্তেই সরকারের ‘ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ’ কানাডার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধির জন্য তারা সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।
কানাডার নতুন সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে শক্তিশালী করতে এবং ক্রিমিনাল কোড বা দণ্ডবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহসী পদক্ষেপ নিয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের হাতিয়ার ব্যবহার করবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, কানাডার স্থানীয় সময় মঙ্গলবার ভোরে একটি সাদা রঙের গাড়ি থেকে বন্দুকধারীরা কনস্যুলেট ভবন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনাকে‘জাতীয় নিরাপত্তা ঘটনা’ হিসেবে তদন্ত করছে পুলিশ।
