পুরোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের স্কুলে হামলা করে যুক্তরাষ্ট্র
প্রাথমিক তদন্তের তথ্য
ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে হামলার প্রতিবাদে মিছিল। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিউলে। ছবি: এএফপি
সিএনএন
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ১৭:১৭
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ভুলবশত। পুরোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ঘটনাটির প্রাথমিক অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এমন তথ্য জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তায়িবা নামের স্কুলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৬৮ শিশু ও ১৪ জন শিক্ষক নিহত হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্কুলে ক্ষেপণাস্ত্র যখন আঘাত হানে, তখন মার্কিন সামরিক বাহিনী পাশে থাকা বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থাপনায় হামলা চালাচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড লক্ষ্যবস্তু নির্ধারণে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) পুরোনো তথ্য ব্যবহার করেছিল। এটিই ভুলের বড় কারণ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিআইএর একজন মুখপাত্র পেন্টাগনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রও তদন্তের প্রাথমিক ফলাফল নিয়ে মন্তব্য করতে চাননি।
সিএনএন বলছে, ২০১৩ সালের স্যাটেলাইট চিত্র অনুযায়ী মিনাবে আইআরজিসির ঘাঁটি ও স্কুল একই কমপাউন্ডের অংশ ছিল। তবে ২০১৬ সালের ছবিতে দেখা গেছে, স্কুলটিকে ঘাঁটি থেকে আলাদা করার জন্য একটি বেড়া নির্মাণ করা হয়েছে। স্কুলের জন্য আলাদা প্রবেশপথও তৈরি করা হয়েছে। গত বছরের ডিসেম্বরের স্যাটেলাইট ছবিতে বিদ্যালয়ের মাঠে মানুষের ভিড় দেখা গেছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, সামরিক তদন্তকারীরা মনে করছেন হামলার পেছনে সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী। এ ছাড়া, নিউইয়র্ক টাইমস গত বুধবার প্রথমবারের মতো পুরোনো তথ্য ব্যবহারের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। একইদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রাথমিক তদন্তে স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্রের দায়ী থাকার তথ্যের বিষয়ে তিনি জানেন না।
- বিষয় :
- স্কুল
- হামলা
- ইরান
- তদন্ত
- যুক্তরাষ্ট্র
- গোয়েন্দা সংস্থা
