হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়া কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি। ছবি: এএফপি/এক্স
বিবিসি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৬:৫৩
ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, হরমুজ প্রণালিতে বোমাবর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিলেন তাংসিরি। তাঁকে হত্যা করা হয়েছে।
ইসরায়েল কাৎজ আরও বলেছেন, আইআরজিসির নৌবাহিনীর আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাংসিরি নিহতের বিষয়ে ইরানের কর্তৃপক্ষ এখনো মন্তব্য করেনি।
২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হন তাংসিরি। ২০১০ সাল থেকে তিনি এই বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন। চলতি বছরের ১০ মার্চ থেকে তাংসিরির নামে খোলা একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে হরমুজ প্রণালি নিয়ে নিয়মিত পোস্ট করা হতো। ইরানি গণমাধ্যমও অ্যাকাউন্টটির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করতো।
অ্যাকাউন্টটির একটি পোস্টে বলা হয়েছিল, ইরানের ওপর আক্রমণকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচলের অধিকার নেই।
২০১৯ সালে তাংসিরি হুমকি দিয়েছিলেন, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। সে বছরই প্রণালির কাছে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত হয়। এ ঘটনায় মার্কিন ট্রেজারি বিভাগ তাংসিরিসহ আরও কয়েকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
- বিষয় :
- আইআরজিসি
- নৌবাহিনী
- হরমুজ প্রণালি
- ইসরায়েল
