ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইআরজিসির দাবি 

সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইসরায়েল

সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইসরায়েল
×

রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০১:৫৪

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির জনসংযোগ শাখা এক বিবৃতিতে বলেছে, এ হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর ‘কোনোভাবেই কোনো সম্পর্ক নেই’, বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে কৌশল, তাতে এটি নিশ্চিতভাবে তারাই ঘটিয়েছে।

গতকাল শনিবার তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তালিকা আগেই নির্ধারণ করে রেখেছে। এ ছাড়া প্রতিবেশী ও মুসলিম দেশগুলোকে এ অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে সাইপ্রাসে ড্রোন হামলার দাবি অস্বীকার করেছিল ইরান। পরে ব্রিটেন এক বিবৃতি জারি করে বলেছে, হামলাটি ইরান থেকে হয়নি। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছেন বহু মানুষ। জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। 

উপসাগরীয় মিত্রদের ওপর হামলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট এরই মধ্যে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরান ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে নয়, বরং মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এ পর্যন্ত উপসাগরীয় কোনো দেশ ইরানে কোনো হামলা চালায়নি।
 

আরও পড়ুন

×