৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮,২৩৭টি
ছবি: আনাদোলু এজেন্সি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০০:৩৯
ইরান ও লেবাননের সঙ্গে চলমান দীর্ঘ ৪০ দিনের ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের আর্থিক ক্ষতির একটি চিত্র সামনে এসেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরকারি ক্ষতিপূরণ তহবিলে ২৮ হাজার ২৩৭টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮ হাজার ৪০৮টি ভবনের জন্য এবং দুই হাজার ৫৯৪টি যন্ত্রপাতির ক্ষতির দাবি করা হয়েছে। ছয় হাজার ৬১৭টি যানবাহনের ক্ষয়ক্ষতির আবেদনও জমা পড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বিশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশটির অর্থ মন্ত্রণালয় এই যুদ্ধের প্রাথমিক ব্যয় প্রাক্কলন করেছে প্রায় ৫৪ বিলিয়ন শেকেল, যা মার্কিন ডলারে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন। এই ব্যয়ের অঙ্ক আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ, এতে জিডিপির ক্ষতি বা দীর্ঘমেয়াদি পুনর্গঠন ব্যয় এখনও যুক্ত করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সামরিক অভিযানের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০ বিলিয়ন শেকেল (১২ দশমিক ৯ বিলিয়ন ডলার)। যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের ধস নেমেছে।
অর্থ মন্ত্রণালয় ধারণা করছে, সম্পত্তি করের আওতায় ক্ষতিপূরণ দিতেই ১২ থেকে ১৩ বিলিয়ন শেকেল (৩ দশমিক ৮-৪ দশমিক ২ বিলিয়ন ডলার) ব্যয় করতে হবে। ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে এই বিশাল অঙ্কের অর্থ দেওয়া হবে। সেই সঙ্গে অবৈতনিক ছুটির কারণে কাজ করতে অসমর্থ কর্মীদের পাওনা এবং স্থানীয় মিউনিসিপ্যালিটিগুলোর সহায়তায় এক বিলিয়ন শেকেল ব্যয় করা হবে। সূত্র: এএফপি
