ওয়াল স্ট্রিট জার্নালের দাবি
ইরানে গোপন হামলায় জড়িত ছিল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১১:৫০ | আপডেট: ১২ মে ২০২৬ | ১১:৫২
ইরানে গত মাসের শুরুতে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাতে উপসাগরীয় দেশটির সরাসরি সম্পৃক্ততার বিষয়টি প্রথমবারের মতো সামনে এলো।
ওয়াল স্ট্রিট জার্নালের সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আমিরাতের হামলার লক্ষ্য ছিল ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার। কয়েক সপ্তাহের বিমান হামলার পর যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন, ঠিক সেই সময়েই এই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আমিরাতের এই হামলাকে নীরবে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পাশাপাশি, যুদ্ধে অংশ নিতে আগ্রহী অন্য উপসাগরীয় দেশগুলোর প্রতিও ওয়াশিংটনের নীরব সমর্থন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে সংযুক্ত আরব আমিরাতের হামলার এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। একই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালও হামলার সুনির্দিষ্ট তারিখ বা সময় প্রকাশ করেনি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরব আমিরাত জানায়, তাদের ওপর ১৭টি ইরানি মিসাইল ও ৩৫টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
- বিষয় :
- ইরান
- হামলা
- আরব আমিরাত
