ছেলের বিয়েতে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তায় ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি- এএফপি
দ্য গার্ডিয়ান
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১০:০১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র-এর বিয়েতে যোগ দেওয়ার চেষ্টা করবেন তিনি, তবে বর্তমান পরিস্থিতিতে সেটি তার জন্য 'ভালো সময়' নয়।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'সে চায় আমি যাই। অনুষ্ঠানটি ছোট পরিসরের ও ব্যক্তিগত হবে। আমি যাওয়ার চেষ্টা করব।' তবে সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, 'আমি এখন ইরানসহ আরও অনেক বিষয় নিয়ে ব্যস্ত। সময়টা আমার জন্য ভালো না।'
আগামী মেমোরিয়াল ডে সপ্তাহান্তে বাহামায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান ইস্যুকে ব্যস্ততার কারণ হিসেবে উল্লেখ করলেও সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে মিয়ামিতে একটি ইউএফসি ইভেন্ট এবং ফ্লোরিডার ডোরালে তার গলফ ক্লাবে পিজিএ টুর্নামেন্টে অংশ নিতে দেখা গেছে। এছাড়া নিজেও কয়েক দফা গলফ খেলেছেন তিনি।
৪৮ বছর বয়সী ট্রাম্প জুনিয়র প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ সন্তান। ২০০৫ সালে মডেল ভ্যানেসা হেইডনের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। সেই দম্পতির পাঁচ সন্তান রয়েছে। পরে ২০২০ সালে কিম্বার্লি গিলফয়েলের সঙ্গে বাগদান হলেও ২০২৪ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা অ্যান্ডারসন, যিনি পাম বিচের একটি প্রভাবশালী ব্যাংকার পরিবারের সদস্য।
বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি যদি যাই, সমালোচনা হবে। না গেলেও সমালোচনা হবে। তবে আমি আশা করি তারা সুখী দাম্পত্য জীবন কাটাবে।'
এদিকে সাম্প্রতিক সময়ে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে রয়েছেন তিনি। জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মার্কিনিদের ভোগান্তির মধ্যেই তার বাহামায় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা দিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
