ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৮:২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করা হয়েছে। ট্রাম্প বলেছেন, উভয় পক্ষের সঙ্গে আলাদা ফোনালাপের পর তারা গুলি ও হামলা বন্ধে রাজি হয়েছে।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা করেছেন। একই সঙ্গে হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও তার কথা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই হামলা বন্ধে সম্মত হয়েছে।

ট্রাম্প দাবি করেন, বৈরুতে কোনো নতুন সেনা পাঠানো হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছে।

এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রে লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধ এবং এর বিনিময়ে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলা স্থগিত রাখার একটি মার্কিন প্রস্তাবে সম্মতি দিয়েছে হিজবুল্লাহ। পরবর্তী সময়ে এই ব্যবস্থা পুরো লেবাননে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তবে যুদ্ধবিরতির ইঙ্গিত মিললেও সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি জানান, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলবে।

সমঝোতার ঘোষণা এলেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি থামেনি। হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে ইসরায়েলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা হয়েছে। ডেবিন শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে লেবানন পরিস্থিতিকে ইরান-সংক্রান্ত আলোচনার বাইরে রাখতে চাইলেও তেহরান বারবার দুটি ইস্যুকে পরস্পর-সম্পর্কিত বলে উল্লেখ করেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধের এই উদ্যোগ অঞ্চলটিতে উত্তেজনা কমানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে। 
সূত্র: বিবিসি

আরও পড়ুন

×