ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফের ট্রাম্পের অবাধ্য রিপাবলিকানরা, রাশিয়া-ইউক্রেন বিলে ভোট

ফের ট্রাম্পের অবাধ্য রিপাবলিকানরা, রাশিয়া-ইউক্রেন বিলে ভোট
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৩:৪৭

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার একটি নতুন বিল পাস হয়েছে। এর আওতায় ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিসর বাড়ানো হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে গিয়ে এই বিলটিতে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য। 

এর আগে প্রেসিডেন্টের ইরান যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা সীমিত করার প্রস্তাবে ভোট দিয়েছিলেন রিপাবলিকান পার্টির চার সদস্য। সে প্রস্তাবটিও প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ‘ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট’ নামের বিলটি তোলা হলে ২২৬-১৯৫ ভোটে পাস হয়। অল্প কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্ম হয়ে একটি বিশেষ আবেদন বা ‘ডিসচার্জ পিটিশন’-এ স্বাক্ষর করার মাধ্যমে বিলটিকে ভোটাভুটির টেবিলে আনতে বাধ্য করেন।

এই ভোটাভুটিতে ১৮ জন রিপাবলিকান এবং সাধারণত তাদের পক্ষ নেওয়া একজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে বিলটি পাস করেন। ট্রাম্পের নীতির প্রতি তাঁর দলের সদস্যদের যে প্রায় শতভাগ অটুট সমর্থন ছিল, এই ঘটনা সেখানে একটি বড় ফাটলের ইঙ্গিত।

বিবিসি বলছে, বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এটি সিনেটে পাস হতে হবে এবং এরপর তাতে ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। পলিটিকোর তথ্য অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনের জন্য এই প্রথম একক সহায়তা প্যাকেজ কংগ্রেসের কোনো কক্ষে পাস হলো। ট্রাম্পের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সদস্য বেশকিছুদিন ধরে এই সহায়তা প্যাকেজের বিরোধীতা করছিলেন।

আরও পড়ুন

×