ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ২০:১৫
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন উইন্ডো’র মধ্যে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোনোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলসি রদ্রিগেজ বলেন, মানুষের জীবন বাঁচাতে আমরা এক মুহূর্তও বিশ্রাম নিইনি। এ সময় তিনি আন্তর্জাতিক সহায়তা ও বিদেশি উদ্ধারকারী দলের দ্রুত সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, উদ্ধার অভিযানে ইতোমধ্যে বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিটিভি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজধানী কারাকাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের জরুরি মজুতকেন্দ্র স্থাপন করেছে সরকার।
- বিষয় :
- ভেনেজুয়েলা
- ভূমিকম্প
