ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প

আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
×

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৯:৫৮

ন্যাটো সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আবারও কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেখিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালির দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক বজায় রাখার গুরুত্বের কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।

গত মাসে ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি ‘অনুরোধ’ করেছিলেন। তবে সেই দাবি সরাসরি নাকচ করে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প পুরো ঘটনাই মনগড়াভাবে উপস্থাপন করেছেন।

এ সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে দুই নেতার আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এর আগেই রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মেলোনির একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিতে ইতালির প্রধানমন্ত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, 'নিষেধাজ্ঞামূলক আদেশ প্রয়োজন'। পোস্টটি দুই নেতার চলমান উত্তেজনাকে আরও আলোচনায় নিয়ে আসে।

এ ঘটনায় এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেলোনি।

অন্যদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো স্কাই টিভিকে বলেন, ট্রাম্পের ওই পোস্ট নিয়ে তার কোনো মন্তব্য নেই। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইতালির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র, তাই দুই দেশের সম্পর্ক অটুট রাখাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ব্যক্তি পরিবর্তন হলেও রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী থাকে এবং সেটিই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

তবে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। ছোট বিরোধী দল আজিওনের নেতা কার্লো ক্যালেন্ডা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ‘জঘন্য ও সস্তা ধরনের নিপীড়ক’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একজন হিসেবে পরিচিত ছিলেন জর্জিয়া মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন তিনি। তবে চলতি বছর ইরান ইস্যুতে পোপ লিওর সমালোচনার পর ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেন মেলোনি। এরপর ট্রাম্পও পাল্টা তাকে আক্রমণ করে বলেন, ইতালির প্রধানমন্ত্রীর ‘সাহসের অভাব’ রয়েছে।
 

আরও পড়ুন

×