৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৩১ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৯:০৪
বুধবার (৮ জুলাই) ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলী। মধ্যরাতে স্ত্রী ডোনা গাঙ্গুলীসহ পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করেন তিনি। জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসার পাশাপাশি তিনি চলমান ফুটবল বিশ্বকাপ, লিওনেল মেসির প্রশংসা এবং তাঁর আসন্ন বায়োপিক 'দাদা' নিয়ে নিজের অনুভূতি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সময়ের ব্যবধানের কারণে সুযোগ পেলেই রাত ১০টার খেলাগুলো দেখছেন সৌরভ। তিনি জানান, আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচে আর্জেন্টিনা ১-২ গোলে পিছিয়ে পড়ার পর থেকে তিনি খেলা দেখা শুরু করেন। মেসির পায়ে বল পড়ার সঙ্গেই গোল হওয়ার ইঙ্গিত পেয়েছিলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়নদের এমন ফিরে আসায় তিনি বিস্মিত হননি উল্লেখ করে তিনি বলেন, চ্যাম্পিয়নরা এভাবেই ফিরে আসে।
এছাড়া স্পেন, নরওয়ে এবং ফ্রান্সের খেলাও তাঁর ভালো লেগেছে বলে জানান তিনি। তবে কে চ্যাম্পিয়ন হবে, তা নির্দিষ্ট করে না বলে তিনি জানান, যে দল কঠিন ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে।
মধ্যরাতে পরিবারের সাথে জন্মদিন উদযাপন করলেও মেয়ে সানা ছিলেন না। সানা বর্তমানে বার্সেলোনায় থাকায় ভিডিও কলে কথা হয়েছে। সৌরভ জানান, সানা থাকলে বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়, তবে এবার স্বাভাবিক খাওয়া-দাওয়াই হচ্ছে।
সৌরভের জন্মদিনেই তাঁর বায়োপিকের পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘দাদা’ নামের এই সিনেমাটি আগামী বছরের মে মাসে প্রেক্ষাগৃহে আসবে। বায়োপিকের কাজের অগ্রগতিতে তিনি বেশ খুশি জানিয়ে বলেন, আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।
- বিষয় :
- সৌরভ গাঙ্গুলী
- জন্মদিন