সরকার আশ্বাস দিলে অনশন ভাঙতে প্রস্তুত সোনম ওয়াংচুক, আন্দোলন স্থগিতের আহ্বানের ইঙ্গিত
সোনম ওয়াংচুক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৯:৩৫
ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভের পর জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকার আশ্বাস দিলে তিনি অনশন ভাঙতে প্রস্তুত। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিতের আহ্বান জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ ওয়াংচুকের অনশনের ২৫তম দিন। তিনি নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি ও বিভিন্ন দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।
এদিকে দিল্লি হাইকোর্ট সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা দুটি আবেদনের শুনানি শুরু করেছে। আদালত কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশের কাছে এ বিষয়ে জবাব চেয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১১ সেপ্টেম্বর।
আবেদনকারীদের আইনজীবীরা আদালতে দাবি করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের কোনো পূর্ব সতর্কতা ছাড়াই লাঠিচার্জ করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভস্থলের পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বাকে আদালতে হাজির করারও আবেদন জানান তারা।
গত সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সিজেপির ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজারো বিক্ষোভকারী দিল্লির যন্তর মন্তরে জড়ো হন। তাদের দাবির মধ্যে ছিল নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
পরে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
এদিকে সিজেপি জানিয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে বৈঠকটি সরকারের কার্যালয় বা কোনো মন্ত্রীর বাসভবনে নয়, নিরপেক্ষ কোনো স্থানে হওয়া উচিত বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সিজেপি নেতা দাস বলেন, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মন্ত্রীরা যন্তর মন্তরে আসতে না পারলে ভারতের কনস্টিটিউশন ক্লাবের মতো নিরপেক্ষ স্থানে বৈঠক হতে পারে। তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই তারা আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন।
এর আগে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছিলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পারেন।
- বিষয় :
- দিল্লি
- শিক্ষার্থী
- আন্দোলন
- সোনম ওয়াংচুক