সৌদি প্রতিরক্ষা জোটের তৃতীয় বৈঠক, গঠন হবে বহুজাতিক কমান্ড
সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটের তৃতীয় বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার জেদ্দায়। ছবি: এসপিএ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৮:১০
সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোট একটি বহুজাতিক কমান্ড কাঠামো চালুর প্রস্তুতি নিয়েছে। এর লক্ষ্য হবে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত জোটের তৃতীয় দফার বৈঠকটি হয় বৃহস্পতিবার। এতে ৩৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদস্য দেশগুলোর কর্মকর্তা ও সদস্যদেরকে কমান্ড, সামুদ্রিক ও গোয়েন্দা কার্যক্রমে যুক্ত করার প্রস্তুতি শুরু হয়েছে।
লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজকে হামলা থেকে রক্ষার উদ্দেশে গত মাসের শেষ দিকে জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। এতে বাংলাদেশও যোগ দিয়েছে।
জোটের যৌথ বিবৃতিতে এখন পর্যন্ত ১৫টি দেশ স্বাক্ষর করেছে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে সদস্য হতে প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করেছে ১৩টি দেশ। আগ্রহী অন্য দেশগুলো প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
এই জোটের প্রথম ডেপুটি কমান্ডার হবেন পাকিস্তানের একজন কর্মকর্তা। গত সপ্তাহে সৌদির রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি জোটের কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিকল্পনা কাঠামোর কাজও শেষ হয়েছে।
বৃহস্পতিবারের বৈঠকে আল-শেহরি বলেন, বহুজাতিক এই সহযোগিতার উদ্দেশ্য দীর্ঘমেয়াদে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা। বিভিন্ন দেশ থেকে জোটে যোগ দেওয়ার জন্য এখনও অনেক আবেদন আসছে।
- বিষয় :
- সৌদি আরব
- প্রতিরক্ষা ব্যবস্থা
- বৈঠক