সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট
বহুজাতিক কমান্ড কাঠামো চালুর প্রস্তুতি
দীর্ঘ মেয়াদে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্য
সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৯:১১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১০:১৬
| প্রিন্ট সংস্করণ
সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোট একটি বহুজাতিক কমান্ড কাঠামো চালুর প্রস্তুতি নিয়েছে। এর লক্ষ্য হবে লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনা প্রণয়ন-সংক্রান্ত জোটের তৃতীয় দফার বৈঠকটি হয় গত বৃহস্পতিবার। এতে ৩৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদস্য দেশগুলোর কর্মকর্তা ও সদস্যদের কমান্ড, সামুদ্রিক ও গোয়েন্দা কার্যক্রমে যুক্ত করার প্রস্তুতি শুরু হয়েছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি মোকাবিলা এবং সৌদির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশও এই জোটে যোগ দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি দেশ জোটের যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে। এর মধ্যে ১৩টি দেশ প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে সনদে স্বাক্ষর করেছে এবং আনুষ্ঠানিকভাবে জোটের সদস্যপদ নিয়েছে। বাকি দেশগুলোর অন্তর্ভুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই জোটের প্রথম ডেপুটি কমান্ডার হবেন পাকিস্তানের একজন কর্মকর্তা। গত সপ্তাহে সৌদির রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি জোটের কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিকল্পনা কাঠামোর কাজও শেষ হয়েছে।
ইতোমধ্যে জোটের সদরদপ্তর নির্ধারণ, লোগো অনুমোদন এবং কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে আল-শেহরি বলেন, বহুজাতিক এই সহযোগিতার উদ্দেশ্য দীর্ঘ মেয়াদে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা। বিভিন্ন দেশ থেকে জোটে যোগ দেওয়ার জন্য এখনও অনেক আবেদন আসছে।
যৌথ ঘোষণা অনুযায়ী, এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ, বিশেষ করে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই বহুজাতিক জোট কাজ করবে।
সৌদি কর্মকর্তারা বলছেন, এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং নির্দিষ্ট কোনো দেশ বা সংগঠনকে লক্ষ্য করে এটি গঠিত হয়নি। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নৌ চলাচলের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই এটি পরিচালিত হবে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটের পরবর্তী ধাপে কাঠামোগত উন্নয়নের পাশাপাশি অপারেশনাল প্রস্তুতি অর্জন এবং অর্পিত মিশনগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করা হবে। কাঠামো তৈরির পর্ব শেষে এখন সদস্য দেশগুলোর সক্ষমতার সমন্বয়ে জোটটি যৌথ কার্যক্রম পরিচালনার নতুন ধাপে প্রবেশ করছে।
- বিষয় :
- সৌদি আরব
- প্রতিরক্ষা ব্যবস্থা
- চুক্তি