ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাবাকে মেরে ফেলার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলে

বাবাকে মেরে ফেলার  চেষ্টা চলছে: ইমরান খানের ছেলে
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৪:৪৬

যুক্তরাজ্যের লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনেই মাঠের ক্রিকেটের চেয়ে বড় হয়ে উঠেছে মাঠের বাইরের রাজনীতি। ম্যাচ চলাকালে মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে সম্প্রচারিত হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার।

সাবেক ইংরেজ ক্রিকেটার মাইকেল আথার্টনের নেওয়া এই সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছেন ইমরানের ছেলেরা। তারা অভিযোগ করেছেন, তাদের বাবাকে (ইমরান খান) স্পষ্টতই মেরে ফেলার চেষ্টা করছে পাকিস্তান সরকার। তাদের এই বক্তব্য ঘিরে তোলপাড় হয়েছে। সাক্ষাৎকার সম্প্রচার হতেই ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এনডিটিভি লিখেছে, পিসিবির তীব্র আপত্তির পরও স্কাই স্পোর্টস ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচার করে। এই সাক্ষাৎকারে বিরুদ্ধে পিসিবি স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। এমনকি বিরতির পর পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যস্থতায় তারা মাঠে ফিরে আসে।

সাক্ষাৎকারে ইমরানের ছেলে কাসিম বলেন, তারা (পাকিস্তান সরকার) এখন আর কোনো নিয়ম-কানুন বা কৌশলের তোয়াক্কা করছে না। তারা আসলে কী করতে চাইছে, তা পরিষ্কার নয়। তবে জেলের ভেতর নির্লজ্জভাবে বাবাকে মেরে ফেলার চেষ্টা চলছে। বাবাকে চুপ করিয়ে রাখতেই জেলের অন্ধকার কুঠুরিতে বন্দি করা হয়েছে। সম্প্রতি তাদের ফুপুদের সঙ্গে কথা বলার সময় তাঁর বাবা জেলের পরিবেশ আশঙ্কাজনকভাবে খারাপ হওয়ার কথা বলেছিলেন।

ইমরানের আরেক ছেলে সুলাইমান খান বলেন, তাঁর বাবাকে ‘শাফা’ নামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি। সরকারি একটি ক্লিনিকে নিয়ে সেখানকার সরকারি কর্মকর্তাদের এক ঘণ্টার লোক দেখানো স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে সোজা আবারও কারাগারে ফেরত পাঠানো হয়।

দুই ভাই আরও দাবি করেন, ‘যান্ত্রিক ত্রুটির’ অজুহাত দেখিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ তাদেরকে ভিসাও দিচ্ছে না।

আরও পড়ুন

×