পদত্যাগ করলেন ট্রাম্পের ‘ড্রোন গাই’ যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল
ড্যান ড্রিসকল। ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৬
প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন ড্যান ড্রিসকল। ৪১ বছর বয়সী ড্রিসকল দেশটির ইতিহাসে এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি। আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোন ব্যবহারে আগ্রহের কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ড্রোন গাই’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ড্রিসকলের পদত্যাগের খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার বিরোধ চলছিল। তবে তাদের বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন এবং সামরিক অভিযানে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। তার পদত্যাগ নিয়ে হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন সেনাবাহিনীর কাছে মন্তব্য চেয়েছে বিবিসি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার পর ড্রিসকলও সেই তালিকায় যুক্ত হলেন। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ পদত্যাগ করেন। এ ছাড়া সেনাপ্রধান র্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছেড়েছেন।
পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এক ডজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের মধ্যে নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
ড্রিসকলের সঙ্গে সেনাপ্রধান র্যান্ডি জর্জের ঘনিষ্ঠ বন্ধুত্বও তাদের বিরোধের একটি কারণ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে সিবিএস। হেগসেথ জর্জকে পদত্যাগ করতে বলেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদ হলো আর্মি সেক্রেটারি। নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি ন্যাশনাল গার্ড ও রিজার্ভ ফোর্সের সদস্যদের দেখভালের দায়িত্বও এই পদের অধীনে থাকে।
ড্রিসকল ২০০৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে ইরাকে একটি ক্যাভালরি প্লাটুনের নেতৃত্ব দেন তিনি। আর্মি সেক্রেটারি হওয়ার পর ড্রোন ও আধুনিক যুদ্ধপ্রযুক্তির প্রতি তার আগ্রহ তাকে ট্রাম্পের ঘনিষ্ঠ করে তোলে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলাকালে গত বছরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ড্রিসকল। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ড্রিসকল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ বন্ধু। তাদের পরিচয় ইয়েল ল স্কুলে পড়ার সময়।
আর্মি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড্রিসকল। একই সময়ে তিনি ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও পালন করেন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- পদত্যাগ
- ডোনাল্ড ট্রাম্প