ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মস্কোপন্থিদের জয়ের পূর্বাভাস, জার্মানির রাজ্যে ভোটগ্রহণ শুরু

মস্কোপন্থিদের জয়ের পূর্বাভাস, জার্মানির রাজ্যে ভোটগ্রহণ শুরু
×

নির্বাচনী প্রচার অনুষ্ঠানে এএফডির নেতাদের সঙ্গে উলরিখ জিগমুন্ড (মাঝে)। শনিবার জার্মানির ম্যাগডেবুর্গে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৬

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে রোববার আঞ্চলিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের পূর্বাভাসগুলোতে কট্টর ডানপন্থি দল এএফডি স্পষ্টভাবে এগিয়ে আছে। জিতলে তারা প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করবে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটে ১৭ লাখের মতো ভোটার ভোট দেবেন। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন ফেডারেল জোট সরকার ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। তাই এই নির্বাচনকে কেন্দ্রীয় সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) মস্কো-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত কয়েক মাস ধরে চলা জনমত জরিপে দলটি ৪০ শতাংশের বেশি সমর্থন পেয়েছে। তুলনামূলক ছোট এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় আছে ফ্রিডরিশ ম্যার্ৎসের মধ্য-ডানপন্থি দল সিডিইউ-এর নেতৃত্বাধীন জোট।

জনমতে এগিয়ে থাকা এএফডির স্যাক্সনি শাখাকে ‘উগ্র ডানপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করেছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। ফলে অন্য দলগুলো এএফডির সঙ্গে জোট না করার বিষয়ে দৃঢ় অবস্থানে আছে। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এএফডির প্রার্থী উলরিখ জিগমুন্ড (৩৫) বেশ জনপ্রিয়। তিনি অনেকটা ‘রকস্টারের’ মতো করে নির্বাচনী প্রচারগুলোতে হাজির হয়েছিলেন।

উলরিখের আশা নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। জার্মান গণমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেউ যদি আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তাহলে একাই তা করতে হবে।’ অপরদিকে রাজ্য সরকারের বর্তমান প্রধান স্বেন শুলৎসে ক্ষমতা ধরে রাখতে ফের জোট গঠনের আশা করছেন।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×