ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের নৈশভোজে কিশোর কুমারের গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন আনোয়ার ইব্রাহিম

ব্রিকসের নৈশভোজে কিশোর কুমারের গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন আনোয়ার ইব্রাহিম
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৪

রাজনৈতিক সম্মেলনে সাধারণত থাকে আনুষ্ঠানিক বক্তব্য আর গুরুগম্ভীর আলোচনা। তবে ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের নৈশভোজে সেই পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কিশোর কুমারের জনপ্রিয় হিন্দি গান গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন তিনি। তার সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে আনোয়ার ইব্রাহিম ১৯৬৫ সালের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হাকিকত’ গানটি পরিবেশন করেন। ‘তিন দেবিয়াঁ’ সিনেমার এই গানটির সংগীত পরিচালনা করেছিলেন এস ডি বর্মণ। গানের কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী।

<

>একজন পিয়ানোবাদকের সঙ্গে আনোয়ার ইব্রাহিম গানটিতে কণ্ঠ দেন। কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় ব্যস্ত একটি সম্মেলনের নৈশভোজে তার এই পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে বেশ সাড়া ফেলে।

 

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেন আনোয়ার ইব্রাহিম। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘গুরু, একটু গান গাইতে পারি?’ তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য আসতে থাকে।

একজন মন্তব্য করেন, আনোয়ার ইব্রাহিমের কণ্ঠ ‘সুরেলা’। আরেকজন তাকে উদ্দেশ করে লেখেন, ‘আপনি খুব ভালো গেয়েছেন। আশা করি ভারতে আপনার সময়টা দারুণ কাটছে।’

আরেক ভারতীয় প্রবাসী মন্তব্য করেন, তিনি জানতেন না যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এত ভালো গান করেন। তার পরিবেশনাটি ভালো লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ার ইব্রাহিমের অনুরাগ এবারই প্রথম প্রকাশ পেল না। এর আগেও তিনি ভারতের সিনেমা ও সংগীতের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন। এর আগে ভারত সফরের সময়ও তিনি কিশোর কুমারের এই গানটি গেয়েছিলেন। ২০২৪ সালে দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি মুকেশের জনপ্রিয় গান ‘দোস্ত দোস্ত না রাহা’ও পরিবেশন করেছিলেন।

ভারতের দক্ষিণ ভারতীয় সিনেমার প্রতিও আনোয়ার ইব্রাহিমের আগ্রহ রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রন (এমজিআর) এবং পুরোনো তামিল গানের প্রতি আনোয়ারের আগ্রহের কথা উল্লেখ করেছিলেন।

মালয়েশিয়া এবার ব্রিকসের অংশীদার দেশ হিসেবে সম্মেলনে অংশ নিয়েছে। সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×