মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৪
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন এমন সতর্কবার্তা দিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে অবকাশযাপন সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরেছেন। যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে সৌদি আরব ও হুতিদের মধ্যকার সংঘাত নতুন মাত্রায় পৌঁছানোর পর অবকাশ সংক্ষিপ্ত করার ঘটনা ঘটলো।
শনিবার সৌদির রাজধানীতে দুই দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এএফপির সাংবাদিকেরা বিমানবন্দরের কাছে তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি ট্যাংকে আগুন জ্বলতে দেখেছেন।
এ ঘটনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, ‘সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করার সম্ভাবনা আছে।’ মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরকে এই অঞ্চলে ভ্রমণের বিষয়টিও পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক অভিযানগুলোর মাধ্যমে ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে কয়েক’শ মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।