প্রতিরক্ষায় রাশিয়ার রেকর্ড বাজেট
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:৩৯
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় ক্রেমলিনের রাষ্ট্রীয় কোষাগারে চাপ সৃষ্টি করায় স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক কর্মসূচির পরিকল্পিত বরাদ্দ কমিয়ে সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় জমা দেওয়া খসড়া ফেডারেল বাজেটে ২০২৭ সালে দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ২০ হাজার ৪৪০ কোটি ডলারে (১৭ দশমিক ১ ট্রিলিয়ন রুবল) উন্নীত করার কথা বলা হয়েছে, যা পূর্বপরিকল্পিত ব্যয়ের চেয়ে ২৭ শতাংশ বেশি।
রয়টার্সের পর্যালোচনা করা বাজেট নথি বলছে, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এটিই রাশিয়ার সবচেয়ে বড় সামরিক বাজেট। এটি দেশের মোট ফেডারেল বরাদ্দের এক-তৃতীয়াংশেরও বেশি।
শিক্ষা ও চিকিৎসায় ব্যাপক কাটছাঁট
বিশ্লেষণ অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মস্কো প্রতিরক্ষায় খরচ করবে মোট ৫৯৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। এই অর্থ জোগাতে শিক্ষা খাতের ব্যয় প্রায় ৬ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৭ শতাংশ এবং সামাজিক নীতিতে ৭ শতাংশ কমতে যাচ্ছে। বিশেষ করে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও অ্যাম্বুলেন্স ব্যবস্থার বাজেট বড় ধরনের কাটছাঁটের সম্মুখীন হচ্ছে।
এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, অবকাঠামো ও কৃষি খাতের ব্যয়ও ৭ শতাংশ কমবে। ঘাটতি মেটাতে মস্কো কর বৃদ্ধি ও অভ্যন্তরীণ ঋণের ওপর জোর দিচ্ছে।
পারমাণবিক সুরক্ষার হুঁশিয়ারি পুতিনের
আর্থিক সংকটের মধ্যে সামরিক অবস্থান কঠোর রাখার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো বেষ্টিত রুশ অঞ্চল কালিনিনগ্রাদে হামলা হলে পারমাণবিক অস্ত্রসহ যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে প্রস্তুত জানিয়ে এক বক্তৃতায় তিনি বলেন, ‘যদি রুশ ফেডারেশনের ওপর হামলা হয়, তাহলে আমাদের অস্ত্রাগারের সব অস্ত্র ব্যবহারের বিষয়টি অবধারিতভাবে এজেন্ডায় চলে আসবে। এটি এড়ানো অসম্ভব।’
রুশ হামলায় কিয়েভের দ্বিতীয় বৃহত্তম সেতু ক্ষতিগ্রস্ত
কিয়েভ পোস্টের খবর জানাচ্ছে, গতকাল শনিবার কিয়েভ ও রাশিয়ার কালুগা অঞ্চলে রাতভর হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের দ্বিতীয় বৃহত্তম পিভনিচনি সেতু। কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হোস্তোমেলে রাশিয়ার ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন।
এদিকে ২১৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রাশিয়ার কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা জানিয়েছেন, শনিবার ইউক্রেনীয় হামলায় তাদের বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে কয়েকজন ‘সামান্য’ আহত হয়েছেন।
রোবট অভিযানে ২৫০ রুশ সেনা বন্দি
রুশ বাহিনীর ঘাঁটিতে বিস্ফোরকবাহী রোবট পাঠিয়ে ২৫০ জনেরও বেশি সেনাকে বন্দি করার দাবি করেছে ইউক্রেন। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের হিসাব অনুযায়ী, ইউক্রেন সেপ্টেম্বরে ২৫৬ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।
- বিষয় :
- ইউক্রেন
- রাশিয়া
- প্রতিরক্ষা ব্যবস্থা