ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যন্তরমন্তরে ঢুকে বিক্ষোভ সিজেপি নেতাদের আটক

যন্তরমন্তরে ঢুকে বিক্ষোভ সিজেপি নেতাদের আটক
×
×

 কলকাতা প্রতিনিধি 

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:৫৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১১:০৯

| প্রিন্ট সংস্করণ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তরমন্তরকে সমাবেশের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পর সেখানে বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ও লোহার ফটক টপকে সেখানে প্রবেশ করেন দলটির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ডে। পরে তাদেরসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 
ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দলটির নেতৃত্বে বিক্ষোভ চলছে। যন্তরমন্তরকে আবারও নির্ধারিত বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। 

এর আগে গত সোমবার দিল্লি পুলিশ জানায়, যন্তরমন্তরকে আর বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে রাখা হচ্ছে না। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দানকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘আপনারা প্রতিরোধকে সরকারি তালিকা থেকে বাদ দিতে পারবেন না। এবার পুরো দেশই হবে যন্তরমন্তর’ তাঁর প্রকাশ করা ভিডিওতে স্বেচ্ছাসেবকদের ফটক ও ব্যারিকেড টপকে পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায়। 

রাহুলের আবেদনে ত্রুটি, শুনানি হয়নি
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের আরও ১০ নেতা। তবে আবেদনে ১৪টি ত্রুটি শনাক্ত করেছে আদালতের রেজিস্ট্রি বিভাগ। এ কারণে গতকাল আবেদনটি শুনানির জন্য তোলা হয়নি। ত্রুটিগুলো সংশোধন করা হলে আজ আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।
রেজিস্ট্রি বিভাগের চিহ্নিত ত্রুটির মধ্যে রয়েছে– আদালতের ফি বাবদ ২২০ রুপির ঘাটতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি এবং ১১ আবেদনকারীর মধ্যে ৯ জনের ওকালতনামা জমা না দেওয়া। এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনে ব্যক্তিগতভাবে কয়েকজনকে বিবাদী করার বিষয়েও আপত্তি জানিয়েছে রেজিস্ট্রি বিভাগ। 

বিজেপির পাল্টা বিক্ষোভ
নারীদের ওপর হামলার অভিযোগে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার কংগ্রেস সদরদপ্তরের কাছে বিক্ষোভ করেছেন বিজেপিকর্মীরা। দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক মোহন লাল গিহারা অভিযোগ করেন, বিক্ষোভের সময় বিজেপির নারীকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এমনকি এক অন্তঃসত্ত্বা নারী সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

কেরালার বিধানসভায় সিইসিকে অপসারণের দাবিতে প্রস্তাব পাস
নির্বাচন কমিশন ঘিরে বিতর্ক শুধু রাজপথে সীমাবদ্ধ নেই। গত সোমবার কেরালার বিধানসভায় সিইসিকে অপসারণের দাবিতে একটি প্রস্তাব পাস হয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন প্রস্তাবটি উত্থাপন করেন। কংগ্রেস ও বাম ফ্রন্টের সদস্যরা এর পক্ষে ভোট দেন।
বিধানসভার প্রস্তাবের মাধ্যমে সিইসিকে অপসারণ করা সম্ভব নয়। তবে এটিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক অসন্তোষ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×