ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ব্রিকস থেকে ইইউ: বামপন্থি লুলার বিজয়ে বিশ্বনেতাদের উচ্ছ্বাস

ব্রিকস থেকে ইইউ: বামপন্থি লুলার বিজয়ে বিশ্বনেতাদের উচ্ছ্বাস
×
×

তারা আকৃতির সানগ্লাস চোখে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৮:৪০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ | ১৯:১৪

নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম দফার ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর চেয়ে পিছিয়ে ছিলেন। রোববার বিজয়ী ঘোষণার পর থেকেই লুলাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিশ্বনেতারা।

ফ্লাভিওর বাবা ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই পক্ষ বিজয়ী হলে দক্ষিণ আমেরিকায় আরেকটি ডানপন্থি দেশে পরিণত হতো ব্রাজিল। প্রথম দফার ভোটে ফ্লাভিও সে পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোটগ্রহণ দ্বিতীয় দফায় গড়ায়।

প্রকাশিত ফলাফলে লুলা ৫১ দশমিক ৮ এবং ফ্লাভিও ভোট পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ। ফলাফল প্রকাশের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন লুলার বিজয়কে গণতন্ত্র ও বহুপক্ষীয় সহযোগিতার জয় বলে অভিহিত করেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে উরসুলা লিখেন, ‘ব্রাজিলের সঙ্গে ইউরোপের অংশীদারত্ব সমৃদ্ধ হচ্ছে।’ মেক্সিকোর বামপন্থি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও লুলার বিজয় উদযাপন করেন। এক্সে তিনি লেখেন, ‘গণতন্ত্র দীর্ঘজীবী হোক, ব্রাজিলের জনগণ জয়ী হয়েছে।’

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল লুলাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই ঐতিহাসিক বিজয় শান্তি, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের পথের ধারাবাহিকতা নিশ্চিত করবে।’ উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসিও লুলার সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছেন। 

‘গণতন্ত্রের দিন’
লুলার জয়ের মধ্য দিয়ে রক্ষণশীলদের ঢেউ সামাল দিল ব্রাজিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও পেরুর মতো বেশ কয়েকটি দেশ ডানপন্থার দিকে ঝুঁকেছে।

তবে পেরুর ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরিও লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ‘গণতন্ত্রের দিন’ হিসেবে অভিহিত করেন। অপরদিকে বলসোনারোর ঘনিষ্ঠ মিত্র চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও এক্সে লিখেন, চিলি ও ব্রাজিলের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে।

ইকুয়েডরের রক্ষণশীল প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া লুলার চতুর্থ মেয়াদে সহযোগিতা সম্প্রসারণের কথা বলেছেন। এক্সে তিনি লিখেন, ‘আমাদের অঞ্চলে অভিন্ন শত্রু ও যৌথ চ্যালেঞ্জ আছে। একসঙ্গে কাজ করলে সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে।’

ব্রিকস-ইইউ নেতারা যা বলেছেন
লুলার বিজয়কে প্রগতিশীলদের প্রত্যাবর্তনের সূচনা হিসেবে উদযাপন করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী মাসে তিনিও নির্বাচনী লড়াইয়ে নামবেন। জনমত জরিপে পিছিয়ে থাকা সানচেজ বলেন, ব্রাজিলে যা ঘটেছে, স্পেনেও তা ঘটবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ব্রাজিলের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ব্রিকস জোটের বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লুলার বিজয়ে বলেছেন, দুই দেশের বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করতে তিনি একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন।

ব্রিকসের আরেক সদস্য রাশিয়াও লুলাকে স্বাগত জানিয়েছে। ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও ব্রিকসের কাঠামোর মধ্যে বিভিন্ন উদ্যোগ এগিয়ে নিতে লুলা অনেক কিছু করেছেন।

আরেক সদস্য দেশ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে চীন-ব্রাজিলের উদ্যোগ আরও এগিয়ে নিতে কাজ করতে চায় বেইজিং।

যুক্তরাষ্ট্র থেকে লুলাকে অভিনন্দন জানিয়েছেন প্রভাবশালী বামপন্থি সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, লুলা ব্রাজিলের শ্রমিক ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন। আগামী চার বছরও তিনি তা অব্যাহত রাখবেন।

আরও পড়ুন

×