ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ইউরোপে দ্বিতীয় দফায় সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলার সন্দেহ

ইউরোপে দ্বিতীয় দফায় সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলার সন্দেহ
×
×

সাইবার হামলার সন্দেহে ফ্রিজার খালি করেন সুপারমার্কেটের এক কর্মী। সোমবার সুইডেনের স্টকহোমে। ছবি: এএফপি

দ্য গার্ডিয়ান

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৮:০৯

ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেছে। এর সঙ্গে সাইবার হামলার মতো ঘটনা যুক্ত বলে সন্দেহ করছে সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের চেইনগুলো। গত মাসে ফ্রান্সেও একই ধরনের ঘটনা ঘটেছিল।

সোমবার সুইডেনের সুপারমার্কেট চেইন ‘কোপ’ স্থানীয় দৈনিক আফটনব্লাডেটকে জানায়, তাদের ছয়টি দোকান এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিএ নামে আরেক চেইন জানিয়েছে, আগের রাতের একটি ঘটনায় কয়েকটি দোকানের রেফ্রিজারেটর ও ফ্রিজার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলজিয়ামের গণমাধ্যম ল্য সোয়া’র প্রতিবেদন অনুযায়ী, দেশটির কয়েক ডজন দোকান ও সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। রেফ্রিজারেশন ব্যবস্থা স্থাপনে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সাবকোবেলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফান মোলান্স গণমাধ্যমটিকে বলেন, ক্ষতিগ্রস্ত যন্ত্রগুলো বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করতে তারা সারা রাত ও সকালজুড়ে কাজ করেছেন।

এ ধরনের ঘটনায় হ্যাকাররা দূর থেকে ফ্রিজার, রেফ্রিজারেটর ও শীতলীকরণ ক্যাবিনেটের সেটিংস পরিবর্তন করে দেয়। ফলে এসব যন্ত্রের তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ৫০ ডিগ্রির বেশি হয়।

দূর থেকে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য অধিকাংশ সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। ফ্রান্সের ঘটনায় হ্যাকাররা মূলত ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা কন্ট্রোলারগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল।

গত মাসে ফরাসি পুলিশ জানায়, বড় ধরনের এক সাইবার হামলায় দেশটির সর্বোচ্চ ৭০০টি সুপারমার্কেটের শীতলীকরণ ইউনিটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এতে বিপুল পরিমাণ হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হয়।

আরও পড়ুন

×