ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী

শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী
×
×

রেশমা আহমেদ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১৯:১২

শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলেছেন দেশের ছোটপর্দার অভিনেত্রী রেশমা আহমেদ। তার দাবি, শুটিং সেটে সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি শিল্পীদের কথাবার্তা ও হাসি-আনন্দের দৃশ্য আড়ালে ধারণ করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এ বিষয়ে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেশমা আহমেদ শুটিং সেটের এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শুটিংয়ের নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী।

রেশমা আহমেদ জানান, চরিত্রাভিনেতাদের, বিশেষ করে মা-বাবার চরিত্রে অভিনয় করা শিল্পীদের একটি শুটিংয়ে প্রায় ১০ থেকে ১২টি দৃশ্যে কাজ করতে হয়। প্রতিটি দৃশ্যের মাঝখানে অল্প সময়ের বিরতি পান তারা। সেই বিরতিতে চা পান, গল্পগুজব কিংবা সহশিল্পীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটান।

রেশমা লেখেন, ‘প্রতি সিকোয়েন্সের মাঝখানে হয়তো ১০ মিনিট ব্রেক দেওয়া হয়। তখন আমরা চা খাই, গল্প করি, একটু ফান করার চেষ্টা করি। হাসাহাসি করি। সুখ-দুঃখের কথা বলি। ব্যাক্তিগত জীবন, সংসার, সন্তানদের নিয়ে কথা বলি। আর এই ১০ মিনিটের মধ্যেই আমরা পরবর্তী সিকোয়েন্সের জন্য এনার্জি নিয়ে তৈরি হই।’

অভিনেত্রীর অভিযোগ, শিল্পীদের এই ব্যক্তিগত বিশ্রামের সময়টুকুও নিরাপদ থাকছে না। শুটিংয়ের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি গোপনে তাদের ভিডিও ধারণ করছেন। এ তালিকায় লাইট ও ক্যামেরা সহকারী, মেকআপ সহকারী কিংবা শুটিং দেখতে আসা অতিথিদের কথা উল্লেখ করেছেন তিনি। পরে ধারণ করা ভিডিও দিয়ে রিলস বানিয়ে নিজেদের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করছেন কেউ কেউ।

রেশমার ভাষায়, ‘লাইট এবং ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট, মেকআপ অ্যাসিস্ট্যান্ট, শুটিংয়ের কোনো গেস্ট—অর্থাৎ আমাদের শুটিংয়ের লোকজন আমাদের সেই ব্যক্তিগত বিশ্রামের সময় ভিডিও ধারণ করে লুকিয়ে লুকিয়ে। এবং রিলস বানিয়ে নিয়ে নিজের আইডি থেকে আপলোড দেয়। টাকা ইনকাম করে।’

এ ধরনের ঘটনা নিয়ে এর আগেও অনেক অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রেশমা। তার মতে, বারবার অভিযোগ উঠলেও সমস্যার সমাধান হচ্ছে না। ফলে একই ঘটনা ঘটেই চলেছে।

এ অবস্থায় অন্যের ওপর নির্ভর না করে অভিনয়শিল্পীদের নিজেদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুটিং সেটে ব্যক্তিগত সময়ের গোপনীয়তা রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

×