ঘরে ঢুকে অনুজের মৃতদেহ দেখতে পান মা, কী হয়েছিল অভিনেতার
অনুজ ঠাকুর। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৭:৫১ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১৮:০৩
ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর মারা গেছেন। ২৭ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।
অনুজের পরিবারের থেকে তার মৃত্যুর খবর জানতে পারেন অভিনেতার বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। অনুজকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন রূপেশ। রূপেশ জানান, ঘুমের মধ্যে খিঁচুনি ওঠার পরই মারা যান অনুজ।
প্রায় ১৭ বছরের পরিচয় ছিল অনুজ ও রূপেশের। ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকের মাধ্যমে তাদের একসঙ্গে কাজের শুরু। এরপর ‘বিন্দ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তারা।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রূপেশ জানান, অনুজের মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তার সঙ্গে দেখা হয়েছিল। তাই খবরটি শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি।

রূপেশ বলেন, রাতে ঘুমাতে যাওয়ার পর অনুজ আর ঘুম থেকে ওঠেননি শুনে তিনি হতবাক হয়ে যান। প্রথমে তার ভাইয়ের সঙ্গে কথা বললেও বিস্তারিত জানতে পারেননি। পরে শনিবার অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। সেখানে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি ওঠার পর তাঁর মৃত্যু হয়েছে।
রূপেশ আরও জানান, অনুজ প্রতিদিন ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠতেন। শরীরচর্চা ও জগিংসহ নিয়ম মেনে চলতেন তিনি। কিন্তু মৃত্যুর দিন ভোর সাড়ে চারটায় অ্যালার্ম বাজার পরও ঘুম থেকে ওঠেননি অনুজ। পরে তাঁকে ডাকতে ঘরে গিয়ে মা দেখতে পান, তিনি আর বেঁচে নেই।
দীর্ঘদিনের অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন অনুজ ঠাকুর। ‘ধুম মচাও ধুম’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। পরবর্তী সময়ে ‘বন্ধন সাত জন্মনো কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষ করে ‘মহিসাগর’ ধারাবাহিকে সাগর মেহতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- অভিনেতা
- মারা গেছেন