ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিনেমা দেখার টাকা ছিল না, ছেলের মন ভোলাতে কী করেছিলেন শাহরুখের বাবা

সিনেমা দেখার টাকা ছিল না, ছেলের মন ভোলাতে কী করেছিলেন শাহরুখের বাবা
×
×

শাহরুখ খান ও তার বাবা মীর তাজ মোহাম্মদ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৪:৪৩

আজ তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহের সামনে ভিড় করেন হাজারো ভক্ত। অথচ ছোটবেলায় বাবার হাত ধরে সিনেমা দেখতে গিয়েও হলে ঢোকার সুযোগ হয়নি শাহরুখ খানের। কারণ, টিকিট কেনার মতো টাকা ছিল না বাবার পকেটে। ছেলের মন খারাপ হতে পারে ভেবে সেদিন অবশ্য অন্যভাবে তাকে আনন্দ দিয়েছিলেন বাবা। সেই ছোট্ট ঘটনা বহু বছর পরও ভুলতে পারেননি বলিউডের এই তারকা।

২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জন্মদিনে তাঁর জীবনের নানা অধ্যায়ের পাশাপাশি ফিরে দেখা যাক বাবার সঙ্গে কাটানো সেই স্মৃতিময় দিনের কথা।

২০১২ সালে একটি অনুষ্ঠানে নিজের ছেলেবেলার স্মৃতিচারণা করতে গিয়ে ঘটনাটি বলেছিলেন শাহরুখ। দিল্লির কমানি অডিটোরিয়ামের কাছে বাবার হাত ধরে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে জানা গেল, টিকিট কেনার মতো টাকা নেই বাবার কাছে। সিনেমা দেখা হলো না। তবে ছেলেকে হতাশ হতে দেননি তাজ মোহম্মদ খান। অডিটোরিয়ামের বাইরে বসে ছোট্ট শাহরুখকে বলেছিলেন, ‘দেখো, রাস্তা দিয়ে গাড়িগুলো কেমন সুন্দর চলে যাচ্ছে!’ সেদিন সিনেমার বদলে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দেখেই আনন্দে কেটেছিল তাঁর সময়। তাজ

বহু বছর পর নিজের ছেলে আরিয়ান খানকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে সেই দিনের কথা মনে পড়েছিল শাহরুখের। সময়ের ব্যবধানে বদলে গেছে তাঁর জীবন। একসময় যে ছেলেকে টিকিটের অভাবে প্রেক্ষাগৃহের বাইরে বসে থাকতে হয়েছিল, সেই শাহরুখই একদিন নিজের সন্তানকে সিনেমা দেখানোর সুযোগ পেয়েছেন। বাবার সঙ্গে কাটানো ছোট্ট সেই স্মৃতি যেন জীবনের দীর্ঘ পথচলার এক আবেগঘন মুহূর্ত হয়ে ফিরে এসেছিল তাঁর কাছে।

মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান শাহরুখ। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তাজ মোহাম্মদ খান। এরপর ১৯৯০ সালে মাকেও হারান অভিনেতা। জীবনের শুরুর দিকে আর্থিক অনটনসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে বাবার স্মৃতি আজও তাঁর কাছে বিশেষ কিছু।

বাবাকে নিয়ে একবার শাহরুখ বলেছিলেন, ‘আমার বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যর্থ মানুষ এবং আমি তাঁকে নিয়ে গর্বিত।’

বাবার সঙ্গে কাটানো সেই দিনটি শাহরুখের স্মৃতিতে রয়ে গেছে বহু বছর ধরে। আজ বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা তিনি। কিন্তু জীবনের এতটা পথ পেরিয়েও ছোটবেলার সেই অভিজ্ঞতা এবং বাবার দেওয়া আনন্দের মুহূর্ত ভুলে যাননি অভিনেতা। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×