ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মিরপুরে সংঘর্ষ-আগুন, পাঁচ মামলায় গ্রেপ্তার ৪৮

মিরপুরে সংঘর্ষ-আগুন, পাঁচ মামলায় গ্রেপ্তার ৪৮
×
×

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

‎সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:১২

‎পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎সোমবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতার ঘটনায় পল্লবী থানায় তিনটি, মিরপুর মডেল থানায় একটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

‎এদিকে মিরপুর ১১ নম্বরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে থানায় তিনটি মামলা হয়েছে। 

এসব মামলার বাদী পুলিশ। কাফরুল থানায় আরেকটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এদিকে মিরপুরে সোমবার সকালেও পোশাকশ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করেছেন। সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একই সময়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন। তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। শ্রমিকেরা বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বরের দিকে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

×