ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ চারজনের রিমান্ড

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ চারজনের রিমান্ড
×
×

ওয়াকিল হোসেন বগা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:৩১ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:৫৪

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুলশী থানা পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। 

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া অন্য তিন আসামি হলেন- রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান ওরফে কালা হাসান।

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, পুলিশের ওপর হামলার এ মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানা যায়, ওয়াকিল হোসেন বগাসহ এজাহারভুক্ত ১২ আসামির রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে চারজনের রিমান্ড মঞ্জুর হলেও বাকি আটজনের আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে তার অনুসারীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় খুলশী থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

×