ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

সাবেক মন্ত্রী আমুসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল 

সাবেক মন্ত্রী আমুসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল 
×
×

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:২৪

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ দলটির শীর্ষ পর্যায়ের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

আমির হোসেন আমু ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক সংসদ সদস্য মির্জা আজম এবং সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা, গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র দায় রয়েছে আসামিদের। তাদের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ব্যাপক ও পরিকল্পিত হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, এ মামলার সাত আসামিই তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও সম্পৃক্ততায় হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণের মতো অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

তামীম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যার তথ্য উঠে এসেছে। এ কারণে প্রত্যেক আসামির বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের দায়ে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

×