ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিল দখলকে কেন্দ্র করে বিষ দিয়ে মাছ নিধন, সামাজিক মৎস্য চাষের চার লাখ টাকার ক্ষতি

বিল দখলকে কেন্দ্র করে বিষ দিয়ে মাছ নিধন, সামাজিক মৎস্য চাষের চার লাখ টাকার ক্ষতি
×
×

ছবি-সমকাল

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৯:২৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ২০:১৭

নাটোরের সিংড়ায় লাড়কিবাড়ী বিলে ক্ষতিকর কীটনাশক (বিষ) প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই বিলের মৎস্যসম্পদ ও স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সোমবার সকালে মরা মাছ ভেসে উঠলে স্থানীয় লোকজনের নজরে আসে। বিলের দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪০ বছর ধরে উপজেলার কতুয়াবাড়ী ও লাড়কিবাড়ী বিলে সামাজিকভাবে মাছ চাষ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই বিলে কতুয়াবাড়ী ও পারসাঐল গ্রামের আসাদুজ্জামান বাবু, আব্দুল কাইয়ুম, বিপ্লবুর রহমান সবুজসহ প্রায় ৫০ ব্যক্তি যৌথভাবে প্রায় ৩০ লাখ টাকার রুই জাতীয় মাছ অবমুক্ত করেন। কিন্তু বিলের দখল নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও যুবদল নেতা রানা আহমেদের সঙ্গে এলাকাবাসীর বিরোধ হয়। স্থানীয় নেতারা এই বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েও ব্যর্থ হন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আসাদুজ্জামান বাবু ও আব্দুল কাইয়ুম বলেন, ‘চার দশক ধরে সামাজিকভাবে আমরা এই বিলে মাছ চাষ করে আসছি। কিন্তু সমাজের নিয়মনীতিকে তোয়াক্কা না করে দুই-একজন ব্যক্তি এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।’

আরেক মৎস্যচাষি বিপ্লবুর রহমান সবুজ জানান, রাতে কে বা কারা বিলে বিষ প্রয়োগ করেছে, জানা যায়নি। তবে এতে তাদের প্রায় ৪ লাখ টাকার মাছ মারা গেছে।
অভিযোগ বিষয়ে জানতে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ‘বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ফলে শুধু চাষ করা মাছই নয়, বরং বিলের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। এতে দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তারে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘বিলে কে বা কারা বিষ প্রয়োগ করেছে বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 
 

আরও পড়ুন

×