ডিএসসিসিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু কাল
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২০:৪০
ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৩ নভেম্বর থেকে ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করবে সংস্থাটি। নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে এসব ফরম সংগ্রহ করা যাবে। আবেদন যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে যোগ্য ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে গতকাল পর্যন্ত ব্যাটারিচালিত ই-রিকশা বিধিমালার অনুলিপি পৌঁছায়নি। অনুলিপি পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নিবন্ধন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি এবং নির্ধারিত ফি জমার মূল রশিদ জমা দিতে হবে। পাশাপাশি ই-রিকশাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে বুয়েটের ছাড়পত্র জমা দিতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
আব্দুস সালাম বলেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম নেওয়া হয়েছে। তবে শুধু আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বুয়েটের কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যোগ্য যানবাহনকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় আনা এবং সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
- বিষয় :
- ব্যাটারিচালিত রিকশা
- নিবন্ধন
- ডিএসসিসি