ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত

জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২১:৪২

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। 

সোমবার এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম আবারও অস্বাভাবিকভাবে বাড়ানোয় জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে। নিম্ন ও মধ্যবিত্তের জন্য এ বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে। তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করতে হবে।

আরও পড়ুন

×