বান্দরবানে চার দিনের শিল্পনিবাস ‘আর্টভেনটাস’
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২২:১৮
বাংলাদেশের পাহাড়ি ভূদৃশ্য, প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে বান্দরবানে চার দিনের আন্তঃবিষয়ক শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ উদ্যোগ আয়োজন করছে আর্টভেনটাস (ArtVentas)। ‘ArtVentas | Season 01: A Collective Land Art Narrative’ শীর্ষক এ আয়োজন আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ১০ জন শিল্পী।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- মানির মৃত্তিক, সব্যসাচী মজুমদার, কুন্তল বাড়ৈ, রনি মণ্ডল, ফয়জুল ইসলাম, উহাই মারমা, বনানী সিমলাই, নয়ন কর, শওকত শাওন ও মো. হাসেম।
আয়োজকদের লক্ষ্য, শিল্পচর্চার সঙ্গে প্রকৃতি, ভূদৃশ্য, পরিবেশ পর্যবেক্ষণ এবং স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার সংযোগ ঘটানো। এ উদ্যোগের মধ্য দিয়ে শিল্পীরা পাহাড়ি পরিবেশকে নতুনভাবে অনুধাবন, সৃজনশীল অনুসন্ধান ও সম্মিলিত শিল্পচর্চার সুযোগ পাবেন। স্থানীয়দের অংশগ্রহণে শিল্পীরা তাঁদের ভাবনা ও কাজকে পূর্ণাঙ্গ রূপ দেবেন।
আয়োজনের শিরোনাম ‘A Collective Land Art Narrative’ ভূমি, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে সম্মিলিতভাবে শিল্পের মাধ্যমে আখ্যান নির্মাণের ধারণা তুলে ধরে। এখানে ভূদৃশ্য শুধু শিল্পকর্মের বিষয় নয়, বরং পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, ভাবনা ও সৃজনশীল প্রকাশের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।
বান্দরবানের পাহাড়, বন, জলধারা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনুধাবন এবং শিল্পের মাধ্যমে সেই অভিজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবেশসচেতন ও দায়িত্বশীল পর্যটনের ধারণাকেও গুরুত্ব দেওয়া হবে।
এ আয়োজনের কিউরেটরের দায়িত্ব পালন করছেন কুন্তল বাড়ৈ। প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন হাসেম সারওয়ার। পুরো আয়োজনের আলোকচিত্র, ভিডিও ও অন্যান্য দৃশ্যভিত্তিক নথি সংরক্ষণে ডকুমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে গ্যালারি হালখাতা (Gallery Halkhata)।
আর্টভেনটাসের লক্ষ্য, শিল্প, ভ্রমণ, সংস্কৃতি ও সৃজনশীল অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি পরিসর তৈরি করা, যেখানে শিল্পচর্চা স্থানীয় পরিবেশের সঙ্গে যুক্ত হবে এবং প্রকৃতি ও মানুষের সম্পর্ক নতুনভাবে অন্বেষণের সুযোগ তৈরি করবে।
- বিষয় :
- বান্দরবান