জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা বিনামূল্যে পরিদর্শনের সুযোগ পাবে স্কুলশিক্ষার্থীরা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০০:০৩
শিক্ষার্থীদের দেশীয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে ডিএসসিসি এলাকার সরকারি-বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে। আগামী ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার নগর ভবনে এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিএসসিসির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হলো। আমরা চাই, ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠুক।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তা সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব।’
- বিষয় :
- জাদুঘর
- পরিদর্শন
- শিক্ষার্থী