ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পল্লবীতে পেট্রোল বোমা ও রামপুরায় ককটেল বিস্ফোরণ, আহত ১

পল্লবীতে পেট্রোল বোমা ও রামপুরায় ককটেল বিস্ফোরণ, আহত ১
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০০:০৬

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনেসহ দুটি স্থানে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ হয়। এতে একজন আহত হন। এর আগে বিকেলে রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন সমকালকে বলেন, পল্লবীর চলন্তিকা মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। এতে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় সূত্র জানায়, চলন্তিকা মোড় এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রথমে একটি ককটেল ছোড়ার কয়েক সেকেন্ড পরই একটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে মো. রমজান ওরফে বাপন নামে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির এক শ্রমিক দগ্ধ হন।  

অন্যদিকে রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিকেল পৌনে ৫টার দিকে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল ছোড়া হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

×