ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু

দুই মাসে মারা গেছেন অন্তত ২৬ জন

ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২১:৩১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কারাবন্দির মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম জাকির হোসেন। আজ মঙ্গলবার তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কারারক্ষী আতিয়ার শেখ জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে জাকির হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তাঁর বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। বাবা প্রয়াত আব্দুর রশিদ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানাতে পারেননি এই কারারক্ষী। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগের দুই মাসে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অন্তত ২৬ কারাবন্দির মৃত্যু হয়েছে। অক্টোবরে মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে ১ অক্টোবর শাহিন আলম, ৪ অক্টোবর মো. সুজন, ৫ অক্টোবর জাকারিয়া মোল্লা, ৬ অক্টোবর এ কে শ্যামল খান, ১২ অক্টোবর আকাশ বিশ্বাস, ১৪ অক্টোবর ইয়াসিন আরাফাত, ২৪ অক্টোবর রফিকুল ইসলাম ও মেহেদী হাসান কাজী, ২৫ অক্টোবর রাতে আরিয়ান আহমেদ ইমরান এবং ৩১ অক্টোবর সকালে মো. ইসমাইলের মৃত্যু হয়।

আর সেপ্টেম্বর মাসে ঢাকায় ১৬ কারাবন্দি অসুস্থ হয়ে মারা যান। তারা ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। 

কারা অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারাদেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং ২০২৬ সালের ১৬ আগষ্ট পর্যন্ত ১২২ জন বন্দির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×