শেকৃবিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বর্জন, ক্লাসেও অংশ নেবেন না শিক্ষার্থীরা
মতবিনিময় সভায় শেকৃবি শিক্ষার্থী। ছবি-সমকাল
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৯:১০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সব ধরনের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন এবং প্রতিদিন বেলা ১১টার পর ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে শিক্ষার্থীরা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা বর্জন করবেন তারা। একই সঙ্গে প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসে অংশ নেবেন না।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। মাঠটিতে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন তারা। এ পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো গবেষণার মাঠটি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের উদ্যোগও বাধার মুখে পড়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার মাঠটিতে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুর করেন শেকৃবি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ওই মাঠের জায়গা তাদের। সেখানে কৃষিবিষয়ক গবেষণার কাজ পরিচালনা করা হবে। মাঠটিতে সচিবালয় স্থাপন করা হলে গবেষণার জায়গা হারানোর পাশাপাশি কৃষিবিষয়ক গবেষণাও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে সচিবালয় স্থাপিত হলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।