ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, মেট্রো স্টেশন চালু

মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, মেট্রো স্টেশন চালু
×
×

বেলা ১২ টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান-চলাচল। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৫:২৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৫:৪২

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়কে যানবাহন চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এদিকে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনও আবার চালু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরে আন্দোলনকারীরা বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

সংঘর্ষের কারণে মিরপুর-১১ থেকে মিরপুর-১০ ও পল্লবীগামী সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে বেলা ১২ পর পরিস্থিতির উন্নতি হতে থাকে। সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে এবং একপর্যায়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

নিরাপত্তার কারণে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্টেশনটি আবার চালু করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বেলা ১২ পর পরিস্থিতির উন্নতি হতে থাকে। সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি এখন স্বাভাবিক। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিরপুরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এদিকে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি জলকামান ও দুটি সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদেরও সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সংঘর্ষ থামার পর পরিস্থিতি শান্ত হলেও পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

আরও পড়ুন

×