ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা রোধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: জামায়াত আমির

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা রোধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: জামায়াত আমির
×
×

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২১:৩৪

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র ও অস্থিরতা রোধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, কোনো মালিক বা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোশাকশিল্পের চলমান পরিস্থিতি তুলে ধরে শফিকুর রহমান বলেন, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত বলে তিনি বিশ্বাস করেন না।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

জামায়াত আমির বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এ পরিস্থিতিতে পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×