ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়

এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা
×
×

ফাইল ছবি

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২২:১৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা সোমবার এক দিনের শাটডাউন কর্মসূচি পালন করেছেন। এক দিনের জন্য তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি পালন কবেন তারা। আগামীকাল মঙ্গলবার থেকে তারা ফের নিয়মিত ক্লাসে ফিরবেন।

জানা যায়, গত রোববার উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে এক দিনের জন্য রুটিন দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তের পরপরই প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরে তারা এক দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। প্রায় এক মাসের অচলাবস্থা কাটিয়ে গত রোববার সব বিভাগে একযোগে ক্লাস শুরু হয়েছিল।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন চলছে চুয়েটে। গত ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পরদিন থেকে এ আন্দোলন শুরু হয়। এর মধ্যে ১২ অক্টোবর ক্যাম্পাসে গিয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ হন নতুন উপাচার্য। প্রশাসনের সহায়তায় সেখান থেকে বের হওয়ার পর থেকে তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।  গত ১৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে অনলাইনে সিন্ডিকেট সভা করেন উপাচার্য। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করে।

পরে ২৮ অক্টোবর কয়েকটি বিভাগে সীমিত পরিসরে ক্লাস শুরু হয়। এরপর গত রোববার থেকে সব বিভাগে একযোগে শিক্ষা কার্যক্রম ফের চালু হয়। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি এবং নতুন উপাচার্যের প্রতি অসহযোগিতার অবস্থান থেকে শিক্ষার্থীরা সরে আসেননি।

আরও পড়ুন

×