ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এভেরোজ স্কুলের সমাবর্তনে ৫৪ হাফেজ ও ৮৫ গ্র্যাজুয়েটকে সংবর্ধনা

এভেরোজ স্কুলের সমাবর্তনে ৫৪ হাফেজ ও ৮৫ গ্র্যাজুয়েটকে সংবর্ধনা
×
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২২:৪৭

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার চতুর্থ হিফজ ও O/A Level সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৫৪ শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং O-Level ও A-Level সম্পন্ন করা ৮৫ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি ও অন্যদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, ২০১৫ সালের অক্টোবরে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার যাত্রা শুরু হয়। শুরু থেকেই কোরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে, যেখানে একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার চর্চাও গুরুত্ব পাবে।

তিনি বলেন, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভেরোজ লালমাটিয়া দেশে একটি স্বতন্ত্র শিক্ষাধারা গড়ে তুলেছে। তাদের দেখানো পথ অনুসরণ করে দেশে প্রায় ২৫০টি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা উচিত নয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়; শিক্ষা একটি আমানত।

প্রতিষ্ঠানের একাডেমিক সাফল্য তুলে ধরে খান মো. আক্তারুজ্জামান বলেন, ২০১৯ সাল থেকে O-Level ও A-Level পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। ওয়ার্ল্ড হায়েস্ট ও কান্ট্রি হায়েস্টসহ বিভিন্ন অর্জন প্রতিষ্ঠানকে গর্বিত করেছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই গত জানুয়ারি থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রায় এক হাজার আবেদনের মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বনশ্রীতে নতুন শাখা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, হিফজুল কোরআন, ইসলামিক স্টাডিজ, ইংরেজি মাধ্যমের O-Level ও A-Level এবং আরবি ভাষাশিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ইসলামী ও বুদ্ধিবৃত্তিক বিকাশে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে শিগগিরই ‘এভেরোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।

এ ছাড়া পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, আরবি ও ইংরেজি নাশিদ, সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং নাট্য প্রদর্শনী পরিবেশিত হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন

×