হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো আইএফআইসি ব্যাংক
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২২:৫৮
রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন সুবিধা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য আইএফআইসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের (চলতি দায়িত্ব) ফারিহা হায়দার।
রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করেছে। এ তহবিলের আওতায় অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হলে দেশের হিমায়িত খাদ্য খাতের পাশাপাশি রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আইএফআইসি ব্যাংক জানিয়েছে, দেশজুড়ে তাদের শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ তহবিলে অংশগ্রহণের ফলে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বাড়বে। এর মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদান জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
- বিষয় :
- অর্থনীতি