ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
×
×

সায়দুর রহমান জজ মিয়া

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২১:৪৯ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ২২:৩৯

কিশোরগঞ্জের ভৈরবে জমিতে ইঁদুর মারার জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সায়দুর রহমান জজ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শিমুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। 

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ভূঁইয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়দুর রহমান ওই এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জমিতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় তা দমনে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছিলেন সায়দুর রহমান। সোমবার ভোরে বাড়ির পাশের জমিতে গিয়ে অসাবধানতাবশত নিজের তৈরি সেই ফাঁদেই জড়িয়ে পড়েন তিনি। সকালে এ ঘটনা ঘটলেও পরিবারের সদস্যরা কিছুটা পরে বিষয়টি জানতে পারেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিমুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে জমিতে গিয়ে সায়দুর রহমান নিজেই ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছিলেন। দুর্ভাগ্যবশত সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওই সময় তিনি একা থাকায় অন্য কেউ হতাহত হননি।

নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, জমিতে ইঁদুরের উপদ্রব সহ্য করতে না পেরে তাঁর স্বামী বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছিলেন। সকালে সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×