‘আ’লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্ট ছাত্রলীগ নেতার, গ্রেপ্তার
প্রতীকী ছবি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ২০:০৪
সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন পোস্ট দেওয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি ওই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
আজ সোমবার সকালে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’—এমন একটি পোস্ট দেন। এর জেরে রোববার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আসাদকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- ছাত্রলীগ নেতা
- বরিশাল