ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভারতের বাইরে বিজেপির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে: বিপ্লব দেব

ভারতের বাইরে বিজেপির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে: বিপ্লব দেব
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৪৩

ফের বেফাঁস ও হাস্যকর মন্তব্য করে খবরের শিরোনাম হলেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তার দাবি, ভারতের বাইরে নেপাল এবং শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার তৈরি করার চেষ্টা চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিপ্লব বলেন, ‌শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা এবং নেপালেও সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। এই পরিকল্পনার কথা খোদ অমিতই তাকে জানিয়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের

বিপ্লব দেব বলেন, ‌অমিত শাহ ত্রিপুরা সফরে এসে নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপি সরকার তৈরির বিষয়ে আলোচনা করে গেছেন। ভারতে সর্বাধিক রাজ্যে ক্ষমতা দখলের পরেই এই পদক্ষেপ নেওয়া হবে।‌

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, রাজ্যের অতিথি নিবাসে আমরা আলোচনায় বসেছিলাম। তখন বিজেপির উত্তর–পূর্বের আঞ্চলিক সম্পাদক অজয় জামওয়াল বলেন, ভারতের প্রায় সব রাজ্যেই সরকার গড়েছে বিজেপি। এই কথার জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এখনও শ্রীলঙ্কা এবং নেপাল বাকি। ওই দুই দেশে আমাদের দলকে সরকার গঠন করতে হবে। কমিউনিস্টদের দাবি তারা বিশ্বজোড়া রাজনৈতিক দল। বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির সরকার চলছে। কিন্তু এখন বিজেপি বিশ্বের বৃহত্তম দল। আগরতলায় এসে অমিত শাহ বলে গিয়েছেন, নেপাল–শ্রীলঙ্কার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বিপ্লবের এই মন্তব্যের পরেই বিভিন্ন মহলে হাসির রোল উঠেছে। বেফাঁস মন্তব্য করতে বিপ্লবের বেশ খ্যাতি আছে। সেই তালিকাতেই নতুন সংযোজন এটি। এই মন্তব্য নিয়ে সমালোচনা করেছে সিপিএম এবং কংগ্রেস। রাজ্যের দুই বিরোধী দলের দাবি, অনেকদিন ধরেই নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে যুক্ত করে হিন্দুরাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে আরএসএসের।

আরও পড়ুন

×