ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফরিদপুরে অনুষ্ঠিত হলো পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব

ফরিদপুরে অনুষ্ঠিত হলো পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব
×

ছবি- সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৪:১৬

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারা বিকাশের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬। শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হলে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নার (পিইএমএফইসি) এ উৎসবের আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ও হা-মীম গ্রুপ। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সদরপুরের চন্দ্রপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং পিইএমএফইসি’র সাধারণ সম্পাদক এস. এম. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, চাষীজীবী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস. এম. শাহজাহান, সিনিয়র শিক্ষক মজিবর রহমান, আমজাদ হোসেন পলাশ, হারুনার রশীদ ও ইলিয়াস হোসেন, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং সরকারি রাজেন্দ্র কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি সালাহউদ্দীন খান।

বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিজ্ঞান উৎসব আয়োজনের ওপর তারা গুরুত্বারোপ করেন।

উৎসবে বিভিন্ন স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়নের পর ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে মোট ছয়জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন

×