ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাঠের বাইরেও রেকর্ড গড়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ

মাঠের বাইরেও রেকর্ড গড়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৪:৩৮

নানা প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার মহারণ দেখতে গ্যালারির পাশাপাশি টেলিভিশনের পর্দায় চোখ রাখেন বিশ্বের নানা প্রান্তের দর্শক-সমর্থক। আর সেই সংখ্যা এতটাই বেশি ছিল যে, তাতে রীতিমতো নতুন ইতিহাস তৈরি হয়েছে। বিশ্বকাপের ইংরেজি ভাষার সম্প্রচারের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনের পর্দায় এই সেমিফাইনাল দেখেছেন।

ভ্যারাইটি'র প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টসের সম্প্রচারে ম্যাচটি গড়ে ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার দর্শক দেখেছেন। এটি বিশ্বকাপের সেমিফাইনালে ইংরেজি ভাষার সম্প্রচারের ইতিহাসে সর্বোচ্চ দর্শকসংখ্যা।

এর মাত্র একদিন আগেই ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার দর্শক নিয়ে নতুন রেকর্ড গড়েছিল। কিন্তু মেসি ও হ্যারি কেইনদের লড়াই সেই রেকর্ড মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভেঙে দেয়।

এছাড়া বাংলাদেশ সময় রাত ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪:৪৫-৫টা) এই ম্যাচের দর্শকসংখ্যা সর্বোচ্চ ২ কোটি ২১ লাখ ৭৭ হাজারে পৌঁছায়।

২০২২ সালে কাতার বিশ্বকাপের দুই সেমিফাইনালে ফক্সের গড় দর্শকসংখ্যা ছিল ৬৫ লাখ ৩১ হাজার। ওই আসরে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার সেমিফাইনাল ৬৫ লাখ ৯৫ হাজার দর্শক নিয়ে এতদিন ইংরেজি ভাষার সম্প্রচারে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড ধরে রেখেছিল।

অন্যদিকে যুক্তরাজ্যেও ব্যাপক সাড়া ফেলেছে হাইভোল্টেজ এই ম্যাচটি। রেডিও টাইমস জানিয়েছে, বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে সম্প্রচারিত ম্যাচটি দেশটিতে ২০২৬ সালের সবচেয়ে বেশি দর্শকের দেখা সরাসরি টেলিভিশন অনুষ্ঠান।

যুক্তরাজ্যে ম্যাচটি গড়ে ২ কোটি ২১ লাখ দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যায়, যা ওই সময় টেলিভিশন দেখা মোট দর্শকের ৮৫ শতাংশ।

এবারের বিশ্বকাপে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি দর্শকের দেখা ম্যাচও এটি। এর আগে ইংল্যান্ড ও নরওয়ের কোয়ার্টার ফাইনাল সর্বোচ্চ ১ কোটি ৬৮ লাখ দর্শক টেনেছিল।

আরও পড়ুন

×